এপাড়ে আকাশ | প্রসেনজিৎ রায়

আড়াল রাখি
আমার যত হুঁল ফোটানো কান্না আছে,
বৃষ্টিভেজা ফুলের মত,
যত্নে বোনা উলের ক্ষত;
তোমার থাকুক গাঁটছড়া পাক শুভ্র
হাসি।
শীতল পাটির সন্ধ্যা আকাশ ভীষণ প্রিয়
রঙ মিশালি,
ভালোবাসি।
যত্নে রাখি
আমার যত রত্নখোদাই দুঃখ আছে,
প্রত্ন রাখার সুপ্তকুড়ে
উইপোকা'রা খাচ্ছে গুঁড়ে
তোমার ভেজা চুলের জলও যত্নে থাকুক,
কাঁঠালচাঁপা'র গন্ধ পেলে জানলা
গুলো আগলে দিও,
কিংবা বাঁ-বুক।
সামলে রাখি
তোমায় ঘিরে আবর্তিতা আবেগগুলো,
ত্রিশূল ফলা ত্রিপাঠ নাথা,
অষ্টধাতুর কষ্টগাঁথা,
একটু হেসো, মন খুলে-প্রান, ইচ্ছে
স্বাধীন।
দিনলিপিতে লেপ্টে থাকুক কাজলনয়ন
দিন- সারাদিন।
আড়াল রাখি
আমার যত হুঁল ফোটানো কান্না আছে,
বৃষ্টিভেজা ফুলের মত,
যত্নে বোনা উলের ক্ষত;
তোমার থাকুক গাঁটছড়া পাক শুভ্র
হাসি।
শীতল পাটির সন্ধ্যা আকাশ ভীষণ প্রিয়
রঙ মিশালি,
যোজন ফারাক দূর থেকে তাই
ওই হাসিটাই ভালোবাসি।

No comments